admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ আমেরিকা ও ইরান সম্পর্কে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব গ্রহণ করায় আমেরিকা ও ইরানের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগের সৃষ্টি হয়েছে বলে মনে করেন মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন বাহিনী সেন্টকমের কমান্ডার জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেনজি। জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেনজি তিনি বলেন, বিগত বছরগুলোতে ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার সৃষ্টি হলেও আমরা একটি যুদ্ধ প্রতিহত করতে চেয়েছিলাম। তাছাড়া নির্বাচনে বাইডেনের বিজয়ের আগের ও পরের মাসগুলোতে তেহরান হুমকি সৃষ্টিকারী বিভিন্ন তৎপরতা করেছে।
সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল ম্যাকেনজি বলেন, কোনো কোনো সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক ভবিষ্যদ্বাণী করেছিল যে, ট্রাম্প প্রশাসনের শেষ দিনগুলোতে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। তবে সেটিকে ভুল প্রমাণ করেছে তেহরান। ইরাকসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে নিজের অনুসারী বাহিনীগুলোকে নিয়ন্ত্রণে রেখেছে তারা। নতুন মার্কিন প্রশাসন তার নীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ইরানের কোনো কোনো মহলও বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনতে চায়।
২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরান একটি পারমাণবিক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু ২০১৮ সালে সেখান থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকেই দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনাকে আরো উসকে দেয়া হয় ২০২০ সালের ৩ জানুয়ারি। ওইদিন ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের শীর্ষ সামরিক জেনারেল কাশেম সোলায়মানিকে হত্যা করে মার্কিন সেনারা। তবে এখন বাইডেনের হাত ধরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে ইরান।