admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২১ ১০:৪৮ পূর্বাহ্ণ
সংসদের একাদশ অধিবেশন বিকাল সাড়ে ৪টায় শুরু হবে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩০ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বছরের প্রথম অধিবেশন হওয়ায় অধিবেশনের প্রথম দিন সংসদে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ইতোমধ্যে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জানা গেছে, রাষ্ট্রপতি তার ভাষণে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসহ সরকারের সাফল্য ও ভবিষৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরবেন। রাষ্ট্রপতির ভাষণ ছাড়াও এ অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হতে পারে।
এদিকে, করোনাভাইরাসের মহামারি অব্যাহত থাকায় এবারো সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন অনুষ্ঠিত হবে। এ কারণে শুধু প্রথম দিন গণমাধ্যম কর্মীরা সংসদ অধিবেশনে উপস্থতি থেকে সংবাদ সংগ্রহ করতে পারবেন। তবে সংসদের অন্য কার্যদিবসের সংবাদ সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে সংগ্রহ করতে হবে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, করোনার কারণে এবারো সংসদের অধিবেশন সংক্ষিপ্ত হবে। সে হিসেবে এবার অধিবেশন ১০ থেকে ১২ কার্যদিবস চলতে পারে। এর আগে গত ৮ নভেম্বর মুজিবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়। মোট ১০ কার্যদিবস চলে ১৯ নভেম্বর তা শেষ হয়। ওই অধিবেশনে মোট ৯টি সরকারি বিল পাস হয়।