admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২০ ৯:৩৬ পূর্বাহ্ণ
আজ বৃহস্পতিবার শূন্য থাকা ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আসন দুটিতে ভোট গ্রহণ চলবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বুধবার বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপ-নির্বাচনকে ঘিরে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা থেকে আগামী ১৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচল বন্ধ থাকবে। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে বিশেষ ক্ষেত্রে এ কড়াকড়ি শিথিল করা যাবে।
এ ছাড়া সাংবাদিক, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগের যানবাহন নিষেধাজ্ঞা মুক্ত থাকবে। নির্বাচন কমিশনের তথ্যমতে, ঢাকা-১৮ সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন এবং সিরাজগঞ্জ-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন।
ঢাকা-১৮ আসনে প্রার্থী হিসেবে আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মবিবুল্লাহ বাহার। অন্যদিকে, সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে তানভীর শাকিল জয় ও বিএনপির সেলিম রেজা।