admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২০ ৯:৩৮ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র বাংলাদেশের নারী শ্রমিকদের সহায়তা দেবে বলে জানিয়েছে। প্রাণঘাতী করোনা মহামারির কারণে বাংলাদেশসহ চারটি দেশের ক্ষতিগ্রস্ত নারী শ্রমিকদের সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি সংস্থা। এ লক্ষ্যে আজ শনিবার একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। অন্য তিনটি দেশ হলো শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও ভিয়েতনাম।
সহায়তাকারী মার্কিন সংস্থা দুটি হলো- ইউএসএআইডি ও আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যুক্তরাষ্ট্র আয়োজিত ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামের তৃতীয় ভার্চুয়াল বৈঠকে এ সমঝোতা সই হয়। এতে বলা হয়, করোনার থাবায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে পোশাক শিল্প অন্যতম। বিশ্বব্যাপী এ শিল্পের সাপ্লাই চেইনে মারাত্মক আঘাত এসেছে, বাধার মুখে পড়েছে বিনিয়োগ ও বাণিজ্য। এ ক্ষেত্রে পোশাককর্মীরা বিশেষ ঝুঁকিতে পড়েছেন।
এ মহামারির কারণে পোশাক খাতের লাখ লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী। এ ছাড়া জুতা ও ফ্যাশন শিল্পও বেশ বিপর্যয়ের মুখে রয়েছে। এশিয়ার চারটি দেশে করোনাকালে শ্রমিকদের ঘরে থাকতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মানা ছাড়াও চাহিদা ও যোগানের সংকটে এ পদক্ষেপ নেয়া হয়। এসব কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হয়েছে, অন্যদের উৎপাদনও বিঘ্নিত হয়। পণ্যের চালান আটকে থাকার পাশাপাশি পরিবহন কার্গোতেও বিলম্ব ঘটেছে। ক্ষতিগ্রস্ত নারী শ্রমিকদের দুর্দশা লাঘবে সহায়তার বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে ইউএসএআইডি। এর মাধ্যমে স্থানীয় অংশীদারদের সঙ্গে একজোট হয়ে এই তিন খাতের শ্রমশক্তি আরো শক্তিশালী করা ও নারীদের ক্ষমতায়ন বাড়ানোর চেষ্টা করা হবে বলে উল্লেখ করা হয়।