admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২০ ৯:১১ পূর্বাহ্ণ
মালেশিয়ার শ্রমবাজার শিগগিরই খুলছে। বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে দেশটির মানবসম্পদ মন্ত্রী সম্মতি দাতুক সেরি এম সারাভানান। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে অনলাইন বৈঠকে এ সম্মতি দেন তিনি। জানা গেছে, দুই মন্ত্রীর মধ্যকার বৈঠকে সমঝোতা স্মারক স্বাক্ষর, কর্মী নিয়োগে অনলাইন সিস্টেম চালু ও রিক্রুটিং এজেন্টের সম্পৃক্ততা নিয়ে আলোচনার হয়েছে।
এ ছাড়া পরবর্তী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক আয়োজন এবং করোনা পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় ফিরে যাওয়ার বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, সুষ্ঠু শ্রম অভিবাসনের স্বার্থে বাংলাদেশ থেকে সকল বৈধ রিক্রুটিং এজেন্টের তালিকা মালয়েশিয়ায় পাঠানো হবে। এর পর ওই তালিকা থেকে মালয়েশিয়া রিক্রুটিং এজেন্ট নির্বাচন করবে। একটি সমন্বিত অনলাইন সিস্টেমের মাধ্যমে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ডাটাবেজ থেকে কর্মী সংগ্রহ, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সেবামূল্য প্রদানসহ পুরো প্রক্রিয়া মনিটরিং করা হবে।
বৈঠকে দুই দেশের মন্ত্রীরা কর্মী রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় মনিটরিং কার্যক্রম জোরদার করার বিষয়েও অভিমত ব্যক্ত করেন।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, শিগগিরই দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের রিক্রুটমেন্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে আলোচনা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ব্যক্তিগতভাবে দেশটিতে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে মানবসম্পদ মন্ত্রীর সহযোগিতাও চেয়েছেন। বৈঠকে আরো অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. শহিদুল ইসলাম। এ ছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন বিএমইটির মহাপরিচালক মো. শামসুল আলম, অতিরিক্ত সচিব বশির আহমেদ এবং কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ জহিরুল ইসলাম।
অন্যদিকে, মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতুক জামিল বিন রাকন এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল এ. মানিয়ামসহ অন্যরা বৈঠকে অংশ নেন।