admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২০ ১০:৪২ পূর্বাহ্ণ
ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা মাঝ আকাশে ব্যর্থ। চীন-পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই করোনাকালে ভারতের নির্ভয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা মাঝ আকাশে ব্যর্থ হয়েছে। সোমবার সকাল ১০টায় ওড়িশার উৎক্ষেপণ কেন্দ্র থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হলেও ৮ মিনিটের মাথায় তা বাতিল করা হয়। মাঝ আকাশে ব্যর্থ হল ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর যান্ত্রিক সমস্যা দেখা দেয়ায় গন্তব্যে পৌঁছানোর আগে মাঝ পথে অভিযান বাতিল করা হয়। এটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।বিষয়টি নিশ্চিত করে এ প্রকল্পের একজন কর্মকর্তা জানান, নির্ভয় ক্ষেপণাস্ত্রটি কেন্দ্র উৎক্ষেপণের ৮ মিনিট পর সমস্যা চিহ্নিত হওয়ায় এ পরীক্ষা বাতিল করা হয়। তবে কী ধরনের সমস্যা দেখা দিয়েছিল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
অবশ্য ডিআরডিও জানিয়েছে, প্রথম দফায় নির্ভয় অভিযান ব্যর্থ হলেও আগামী কয়েক মাসের মধ্যে ফের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে। সেটি সফল হলে সীমান্তে ভারতীয় বাহিনীর অস্ত্রভান্ডারে অন্তর্ভুক্তি করা হবে। সম্প্রতি পূর্ব লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে। সেই উত্তেজনা এখনো অব্যাহত থাকার মধ্যেই খবর বেরিয়েছে, উভয় দেশ সীমান্তবর্তী এলাকায় ভারী সমরাস্ত্র মোতায়েন করে চলেছে।
অন্যদিকে, গেল বছর ভারত-পাকিস্তান সীমান্তে তিন হাজারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে সেপ্টেম্বর মাসে জম্মু-কাশ্মির সীমান্তে। এসব ঘটনায় ভারতীয় জওয়ানদের মৃত্যুও হয়েছে। প্রতিবেশী দেশ দুটির সঙ্গে চলমান এমন উত্তেজনার মধ্যেই কয়েক দিন আগে ভারতীয় বিমান বাহিনীর প্রধান বলেন, আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। গত ৮ অক্টোবর ভারতীয় বিমান বাহিনী দিবসে নতুন নতুন অস্ত্র ও যুদ্ধ বিমান প্রদর্শন করার পর এ কথা বলেন তিনি।