admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২০ ৭:৫৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান দিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য । বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে তাদেরকে এক কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে এ অনুদান দেয়া হয়েছে।
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, দেশের প্রতিটি বৌদ্ধ বিহার, মন্দির, ক্যাং, চৈত্য ও প্যাগোডায় দিবসটি উদযাপনে অনুদানের এ টাকা ব্যয় করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত সব ধর্মাবলম্বীদের সহযোগিতা করে থাকেন। বৌদ্ধ ধর্মাবলম্বীরাও যেন তাদের ধর্মীয় উৎসবটি ভালোভাবে উদযাপন করতে পারেন সে জন্য সরকার প্রধান এ অনুদান দিয়েছেন।
প্রদীপ জালিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করছেন ভিক্ষুরা। আগামী ১ অক্টোবর দেশব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে। প্রবারণা শব্দের পালি আভিধানিক অর্থ নিমন্ত্রণ, আহ্বান। আবার ভিক্ষুদের বর্ষাবাস পরিসমাপ্তিও বোঝায়।
এই উৎসবে ভিক্ষুগণ তাদের দোষত্রুটি অপর ভিক্ষুগণের নিকট প্রকাশ করে তার প্রায়শ্চিত্ত বিধানের আহ্বান জানায়। এমনকি অজ্ঞাতসারে কোনো অপরাধ হয়ে থাকলে তার জন্যও ক্ষমা প্রার্থনা করেন তারা। এটিই প্রবারণার মূল প্রতিপাদ্য। আশ্বিন মাসে হয়ে থাকে বলে একে আশ্বিনী পূর্ণিমাও বলা হয়।