admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বুধবার থেকে চলবে গণপরিবহন। ঊর্ধ্বমুখী করোনার প্রকোপ ঠেকাতে দেশে চলছে এক সপ্তাহের (৫-১১ এপ্রিল) লকডাউন। এ সময় সরকারি ঘোষণার মাধ্যমে গণপরিবহনও বন্ধ করে দেয়া হয়েছিল। তাতে করে সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে। বিষয়টি বিবেচনায় নিয়ে গণপরিবহন খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, জনসাধারণের যাতায়াতে ভোগান্তির কথা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল বুধবার থেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলবে।
শর্ত হিসেবে আগের মতোই অর্ধেক আসন খালি রেখে চলাচল করতে হবে। তবে এক্ষেত্রে শহরের বাইরের কোনো গণপরিবহন শহরে প্রবেশ করতে পারবে না। একইভাবে শহরের কোনো গণপরিবহন বাইরে যেতে পারবে না।’ যোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।