admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ
সেনাপ্রধান জেনারেল আজিজ যা বললেন আল-জাজিরার প্রতিবেদন নিয়ে। সম্প্রতি আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টারস মেন প্রতিবেদন নিয়ে কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে বলা বলেন তিনি। ঢাকার তেজগাঁওয়ে আর্মি অ্যাভিয়েশন গ্রুপের অনুষ্ঠান শেষে জেনারেল আজিজ আহমেদ বলেন, প্রতিবেদনটির মাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার’ চালানো হচ্ছে। তবে তাদের সেই উদ্দেশ্য পূরণ হবে না।
সেনাপ্রধানকে কেন বারবার টার্গেট করা হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, এটি আমি সাংবাদিকদের ওপর ছেড়ে দিলাম। আপনারাই বুঝে নেন, খুঁজে নেন। প্রধানমন্ত্রীর নিয়োগ দেয়া সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে প্রধানমন্ত্রীকেই হেয় প্রতিপন্ন করা। আমার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও সরকার যেন বিব্রত বা বিতর্কিত না হয়, সে বিষয়ে সম্পূর্ণ সচেতন আছি আমি। সেনাবাহিনী দেশের ও জাতির গর্ব উল্লেখ করে সেনাপ্রধান বলেন, বিভ্রান্তি সৃষ্টি করতে এই বাহিনী নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই- সেনাবাহিনী অত্যন্ত প্রশিক্ষিত, ওয়েল মোটিভেটেড ফোর্স এবং আগের থেকে অনেক বেশি সুসংহত।
আল জাজিরা মিথ্যা ও বানোয়াট তথ্য বিভিন্ন জায়গার কাটপিস সন্নিবেশিত করে প্রকাশ করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ এটি প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সেনাবাহিনীর ‘চেইন অব কমান্ড’ অত্যন্ত ইফেকটিভ জানিয়ে জেনারেল আজিজ আহমেদ বলেন, বাহিনীর প্রতিটি সদস্যও ঘৃণাভরে এসব অপচেষ্টা প্রত্যাখ্যান করেছে। তারা অতীতেও করেছে, এখনো করছে। এ বিষয়ে তারা সবাই সতর্ক রয়েছে। চেইন অব কমান্ডে অপচেষ্টা কোনো আঁচ ফেলতে পারবে না, আশ্বাস দিচ্ছি আমি।
সেনাবাহিনী দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা সংবিধান সুসংহত রাখতে অঙ্গীকারবদ্ধ, সরকারের প্রতি অনুগত। সরকারি যেকোনো আদেশ-নির্দেশ পালনে আমরা সদাপ্রস্তুত। অভ্যন্তরীণ বা বহির্বিশ্বের যেকোনো সমস্যা মোকাবেলায় সাংবিধানিকভাবে শপথবদ্ধ আমরা।