admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২১ ৪:৫৯ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ সারাদেশে একযোগে প্রচার হবে ৭ মার্চে। ৭ মার্চের জাতীয় দিবসে সারাদেশে একযোগে নির্দিষ্ট সময়ে প্রচার করা হবে। এ সময় অন্য কোনো অনুষ্ঠান প্রচার করা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই এটি সম্প্রচার করা হবে। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চ যে সময়টিতে ভাষণ দিয়েছিলেন, সারাদেশের সকল মাধ্যমে ঠিক সেই সময়ে ভাষণটি প্রচার করা হবে। সেটা ৩টা ১৮ বা ২০ মিনিটে হবে। আমরা যতটা সম্ভব কাছাকাছি সময়ে থাকার চেষ্টা করব। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) দেশের সব টিভি চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে ভাষণটি প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভাষণটি যখন প্রচার হবে, তখন শুধু ভাষণই প্রচার করা হবে, অন্য কিছু নয়।
এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফিন বলেন, বঙ্গবন্ধু যে সময়ে ভাষণ দিয়েছিলেন, আমরা সেই সময়ের কাছাকাছি সময়ে ভাষণটি প্রচারের চেষ্টা করব। ওই সময় বাংলাদেশে আর কোনো অনুষ্ঠান প্রচার হবে না। অর্থাৎ ওই সময় শুধু ভাষণটিই প্রচার করা হবে।
তিনি আরো বলেন, সব মহল থেকে সুপারিশ করা হয়েছে যে, ৫০ বছর আগে যে সময়ে বক্তব্যটি প্রচার হয়েছিল, সেই সময়েই যেন আমরা ভাষণটি প্রচার করি। সরকারিভাবে পিআইডির কাছে যে ভাষণটি সংরক্ষিত আছে, বিটিভি থেকে সব মাধ্যমে সেটিই সম্প্রচার হবে।