admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২০ ১০:০৩ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যেখানে কমে পাব সেখান থেকেই ভ্যাকসিন নেব। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে অনেক দেশে গবেষণা চলছে। অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরাও যোগাযোগ অব্যাহত রেখেছি। যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যাবে, আমরা সেখান থেকেই নেব। মানুষকে করোনামুক্ত করব।তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় পানির মতো টাকা খরচ হয়েছে। বিষয়টাকে হয়তো অনেকে অনেকভাবে দেখতে পারে। এর মধ্যেও দুর্নীতি দেখতে পারে। কিন্তু আমাদের কথা হলো- মহামারি মোকাবেলায় আমরা টাকার দিকে তাকাইনি, বরং মানুষের জীবন বাঁচানোকে গুরুত্ব দিয়েছি।
ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের বিষয়ে এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারায়ণগঞ্জে যে মসজিদটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটা তৈরি করা হয়েছিল গ্যাসের লাইনের ওপর, যা অত্যন্ত দুঃখজনক। মসজিদটি তৈরির কোনো অনুমোদন ছিল না, তৈরির সময় কোনো নীতিমালাও অনুসরণ করা হয়নি। আমি আশা করি, মসজিদ হোক কিংবা অন্য যে কোনো স্থাপনাই হোক, ভবিষ্যতে নীতিমালা মেনে তৈরি করা হবে।
দেশের শিক্ষার্থীদের এক হাজার করে টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে সবার জীবনই স্থবির হয়ে পড়েছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের এক হাজার করে টাকা দিলে তারা তাদের কাপড়-চোপড়, টিফিন বক্স ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে। শেখ হাসিনা বলেন, করোনাকালীন এই সংকট কাটিয়ে উঠতে মোট ২১টি প্যাকেজে ১ লাখ ১২ হাজার ৬৩৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা জিডিপির ৪.০৩ শতাংশ। এর বাইরে ননএমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ তহবিল থেকে আর্থিক সহায়তা, প্রতিটি মসজিদ-মাদ্রাসায় টাকা পাঠানো হয়েছে। প্রণোদনার বাইরেও বিভিন্ন খাতে সহায়তা দেয়া হচ্ছে।
কোনো মানুষ যেন কষ্টে না থাকে সেদিকে বিশেষ দৃষ্টি রেখেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। অর্থনীতির চাকা গতিশীল রাখতে এবং সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সে জন্যই এ ব্যবস্থা। কারণ রাজনীতি দেশের মানুষের জন্যই, বলেন প্রধানমন্ত্রী।