admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১০:৩৯ পূর্বাহ্ণ
পূজা উপলক্ষে ভারতে ১১ দিনে গেল ৫০৩ টন ইলিশ। পূজা উপলক্ষে প্রতিশ্রুত ১ হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশের মধ্যে ৫০৩ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ১১ দিনে এই ইলিশ রপ্তানি হয়েছে। বন্দর সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা যায়। বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্লা জানান, ভারতে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গত ১১ দিনে ৫০৩ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।
আগামী ১০ অক্টোবরের মধ্যে বাকি ইলিশগুলো পর্যায়ক্রমে ভারতে রপ্তানি করা হবে বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা। প্রসঙ্গত, দেশে ইলিশের উৎপাদন কম হওয়ায় ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ ছিল। তবে প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ন রাখার পাশাপাশি তা আরো জোরদার করার অংশ হিসেবে গত বছর থেকে দুর্গাপূজা উপলক্ষে ভারতকে ইলিশ দিচ্ছে বাংলাদেশ। ভারতে ১১ দিনে গেল ৫০৩ টন ইলিশ। এর মধ্যে গত বছর ভারতের পশ্চিমবঙ্গ সরকারকে ৫০০ মেট্রিক টন ইলিশ দেয় বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এ বছরও দুর্গাপূজা উপলক্ষে দেশটির কাছে ১ হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশ রপ্তানির প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ সরকার।
ভারতে শুল্কমুক্ত সুবিধায় এসব ইলিশ রপ্তানি করছে দেশের ৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এর মধ্যে ঢাকার রিপা এন্টারপ্রাইজ রপ্তানি করবে ১৭৫ মেট্রিক টন, টাইগার ট্রেডিং ১৫০ মেট্রিক টন, ইউনিয়ন ভেঞ্চার ১৭৫ মেট্রিক টন, গাজী ফ্রেশ সি ফুডস ১৭৫ মেট্রিক টন। এ ছাড়া শার্শার জনতা ফিস ১৭৫ মেট্রিক টন, খুলনার জাহানাবাদ ১৫০ মেট্রিক টন, পাবনার সেভেন স্টার ফিস প্রসেসিং লিমিটেড ১৫০ মেট্রিক টন, চট্টগ্রামের প্যাসিফিক সি ফুডস লিমিটেড ১৫০ মেট্রিক টন এবং বরিশালের মাহিম এন্টারপ্রাইজ ১৭৫ মেট্রিক টন ইলিশ রপ্তানির সুযোগ পাবে।