admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২০ ৯:৪৬ অপরাহ্ণ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ফেরি চলাচল ব্যাহত, পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। পদ্মা নদীর তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া একই কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ পথে বন্ধ রয়েছে ফেরি চলাচল। ফলে ওই রুট দিয়ে নদী পার হওয়া সকল যানবাহন ফেরি পারাপারের জন্য আসছে দৌতলদিয়া-পাটুরিয়া ঘাটে। এতে এই নৌ পথে বেড়েছে যানবাহনের চাপ, সৃষ্টি হয়েছে গাড়ির দীর্ঘ সারি।
আজ শুক্রবার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকাগামী কয়েক শ যানবাহন ফেরি পারাপারের জন্য ঘাটে অপেক্ষা করছে। ফেরি পারাপারের জন্য অপেক্ষারত গাড়ির সারি এতটাই দীর্ঘ যে এটি দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার ছাড়িয়ে গেছে। দীর্ঘ সময় আটকে থাকায় ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা। তবে আটকে থাকা যানবাহনের মধ্যে বেশিরভাগই পণ্যবাহী ট্রাক।
জানা যায়, বেশ কিছু দিন ধরে পদ্মা নদীতে তীব্র স্রোত রয়েছে। এ ছাড়া নদীর নাব্যতা সংকটের কারণে সক্ষমতা অনুযায়ী যানবাহন পারাপার করতে পারছে না ফেরিগুলো। পাশাপাশি এই দুই কারণে ফেরিগুলোকে একমুখি পদ্ধতিতে প্রায় দুই কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে একদিকে যেমন কম সংখ্যক যানবাহন পারাপার করতে হচ্ছে, অন্যদিকে এক ঘাট থেকে অন্য ঘাটে যেতেও ফেরিগুলোর দীর্ঘ সময় লাগছে।
নদীর নাব্যতা সংকট কাটাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় চারটি খননযন্ত্র দিয়ে নদী খনন করা হচ্ছে। এতে ফেরিগুলোকে আরো কিছুটা ঘুরে ঘাটে পৌঁছাতে হচ্ছে। একবার নদী পার হতে ফেরিগুলোর দ্বিগুণের বেশি সময় লাগছে। এ ছাড়া গত বছর পদ্মার ভাঙনে দৌলতদিয়া ফেরি ঘাটে ১ ও ২ নম্বর ঘাট নদীতে বিলীন হয়ে গছে। বর্তমানে ৪টি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর ফলেও যানবাহন পারাপার কিছুটা ব্যাহত হচ্ছে।
ফেরি পারাপারের জন্য ঘটে অপেক্ষারত চালকরা বলেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ পথে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের যানবাহনগুলো দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে নদী পার হচ্ছে। এতে যানবাহনের চাপ আগের থেকে বেড়েছে। এ ছাড়া নদীতে তীব্র স্রোত ও নাব্যতা সংকট দেখা দেওয়া ফেরি পারাপারেও দীর্ঘ সময় লাগছে। ফলে তাদের ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে চালকদের পাশাপাশি যাত্রীরাও ভোগান্তিতে পড়ছেন।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, নদীর তীব্র স্রোত ও নাব্যতা সংকটে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ পথে ফেরি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তাই দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। সেইসঙ্গে নদীর নাব্যতা সংকটের কারণেও ঘাটে ফেরি ভিড়তে বেশি সময় লাগছে। তিনি আরো জানান, তারা যানবাহনের চাপ সামাল দেওয়া চেষ্টা করছেন। বর্তমানে ৮টি বড় রো রো ফেরি ও ৭টি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে দ্রুত যানবাহন পারাপারের চেষ্টা করা হচ্ছে।