admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর উপজেলার ভানোর ইউনিয়নের মৎস্যজীবী লীগ সভাপতি শাকিল আহম্মেদ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্যজীবীলীগ ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও শহর চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনিসুজ্জামান রুবেল, নিহত শাকিলের স্ত্রী কাকলী আক্তার,শাকিলের বড় ভাই সাঈদ আলম, চাচা রমজান আলী, কুতব আলী, আমিনুল ইসলাম সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, ভিডিওতে দেখা যায় কিভাবে সন্ত্রাসীরা শাকিলকে পিটিয়ে মেরেছে। অথচ আজ পর্যন্ত প্রশাসন এজাহার ভুক্ত আসামীদের ধরছেনা। নিহত মৎসজীবিলীগ নেতা শাকিলের বড় ভাই ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদ আলম বলেন, এখন রাত হলেই আমাদের বাড়ির টিনের চালে ইট পড়ে। গেটে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। মুঠোফোনে সন্ত্রাসীরা হুমকি দেয় যা প্রশাসনকে অবহিত করা হয়েছে। বক্তারা প্রধান আসামী চেয়ারম্যান রফিকুলসহ প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
উল্লেখ্য ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বাজারে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয় মৎস্যজীবিলীগ নেতা শাকিল আহমদে গুরুতর আহত হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধন কর্মসূচীতে ভানোর ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেয়।