admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২১ ১২:০৬ অপরাহ্ণ
খুলনা মোংলা বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় দুই যুদ্ধজাহাজ। জাহাজ দুটি এখন মোংলার ৯ নম্বর জেটিতে অবস্থান করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুলিশ ও সুমেদা নামের ভারতীয় নৌবাহিনীর এ দুটি যুদ্ধজাহাজ বাংলাদেশে এসেছে। জানা যায়, সোমবার দুপুরে মোংলা বন্দরে জাহাজ দুটি এসে পৌঁছায়। জাহাজ দুটিকে স্বাগত জানান বাংলাদেশ নৌবাহিনীর মোংলা ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশারেফ হোসেন।
এ সময় বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আগামীকাল ১০ মার্চ বাংলাদেশ ত্যাগ করবে যুদ্ধজাহাজ দুটি। সফরকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কমডোর মহাদেভু গোভেরধান রাজু এবং জাহাজ দুটির অধিনায়ক। এ ছাড়া তারা বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি খুলনা নেভাল এরিয়া এবং কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের এ প্রতিনিধিরা।
ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলায় অংশ নেবেন। তবে করোনাকালে এই সফর হওয়ায় কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় নিয়ম-কানুন অনুসরণ করা হবে। জানা গেছে, ভারতীয় যুদ্ধজাহাজ কুলিশের নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রী। এ ছাড়া জাহাজটিতে ১৮ জন কর্মকর্তা এবং ১৬০ জন নাবিক রয়েছেন। অন্যদিকে, যুদ্ধজাহাজ সুমেদারের নেতৃত্বে রয়েছেন কমান্ডার গৌরব দুর্গাপাল। এই যুদ্ধজাহাজে ২০ জন কর্মকর্তার পাশাপাশি রয়েছেন ১৩০ জন নাবিক।