admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ১২:১৯ অপরাহ্ণ
আর মাত্র এক সপ্তাহ পরেই একুশে ফেব্রম্নয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে ধোঁয়া মোছার কাজ করে ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্ন কর্মীরা। প্রথম প্রহর থেকেই শহিদ মিনার বেদীতে ফুল দিয়ে শুরু হবে অমর একুশে ফেব্রম্নয়ারি। তারপর প্রভাতফেরিতে শিশু-যুবা আর বৃদ্ধদের ফুল দিয়ে শহিদদের স্মরণ চলবে দিনভর। মানুষের পদচারণায় ভাষা শহিদদের স্মরণ করার দিনটি উপলক্ষে প্রস্তুতি চলছে শহিদ মিনার প্রাঙ্গণে। মঙ্গলবার শহিদ মিনার এলাকায় ঘুরে সরেজমিনে দেখা যায়, সৌন্দর্য বাড়াতে শহিদ মিনারসহ আশপাশের রাস্তার দেয়ালে নতুন রং করা হচ্ছে। শহিদ মিনারের চারপাশে বাতি স্থাপন করা হয়েছে। এছাড়া মূল বেদিসহসংলগ্ন এলাকা ঝাড়ু দিয়ে ধুয়ে-মুছে পরিষ্কার করার কাজও চলছে পুরোদমে।
অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশের ফেব্রম্নয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে এ বছর উদ্যাপন কার্যক্রম চলবে। তবে ঘোষণা মঞ্চ থেকে ঘোষণা কার্যক্রম দুপুর ২টায় সমাপ্ত হবে। একুশে ফেব্রম্নয়ারি উদযাপন নিয়ে আয়োজক কমিটির সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘অমর একুশে উদযাপনের আয়োজন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি জাতীয় দায়িত্ব। রাষ্ট্রীয় আচার অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কমপক্ষে একমাস আগে থেকে একাডেমিক কাজের পাশাপাশি একুশে উদযাপনের প্রস্তুতি নিয়ে থাকে। উপাচার্য এ বিষয়টি কেন্দ্রীয় সমন্বয় কমিটিসহ বিভিন্ন উপ-কমিটিতে কাজ ভাগ করে দিয়ে সার্বিকভবে তদারকি করেন। এক্ষেত্রে আমরা গণপূর্ত মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের সহযোগিতায় শহিদ মিনারের সৌন্দর্য বৃদ্ধির কাজ করে থাকি।
শহিদ মিনার প্রাঙ্গণসহ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবারের মতো আল্পনার কাজ হবে জানিয়ে তিনি বলেন, ১৭ ফেব্রম্নয়ারির পর থেকে সেখানে কোনো সংগঠন প্রোগ্রাম করতে পারবে না। একদিন আগে আমাদের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা আল্পনা এঁকে মূল বেদিসহ সংলগ্ন এলাকা রঙের তুলিতে সাজাবেন। ২০ ফেব্রম্নয়ারি সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাস বা আইডি কার্ড ব্যতীত প্রবেশ নিষিদ্ধ থাকবে। অমর একুশের ভাবগাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে একুশে ফেব্রম্নয়ারির আগে শহিদ মিনারে বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম আয়োজন ও বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালসমূহে কোনো ছবি-পোস্টার ও ব্যানার না লাগানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান এই অধ্যাপক।
একই দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ হওয়ায় তা যথাযোগ্য মর্যাদা এবং সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও নানা পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংস্কৃতি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’র প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে বলে জানান গোলাম রব্বানী। সেখানে একুশ উদযাপনে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে কথা হয়েছে। এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথেও আমাদের বৈঠক হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আজকে অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ এবং বিভিন্ন উপ-কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলাপ হয়েছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রক্টর বলেন, কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে এবং পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে। নিরাপত্তার পাশাপাশি অগ্নি নির্বাপণের ব্যবস্থাও থাকবে। এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিদেশি অতিথি এবং কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর পাশাপাশি গোয়েন্দা বাহিনীগুলোও তৎপর থাকবে।
আগের দিন থেকে যান চলাচলে নিয়ন্ত্রণ : ডিএমপি
একুশে ফেব্রম্নয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগের দিন ২০ ফেব্রম্নয়ারি রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত একুশে ফেব্রম্নয়ারির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভায় এ কথা জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, একুশে ফেব্রম্নয়ারি উপলক্ষে যানবাহন নিয়ন্ত্রণে নির্দিষ্ট স্থানে ব্যানার, দিকনির্দেশক সাইনবোর্ড স্থাপন এবং ডাইভারশন ব্যবস্থা করা হবে। ২০ ফেব্রম্নয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রম্নয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যায়ের ভেতরে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণে থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ১২টি পয়েন্টে ব্যরিকেড দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পয়েন্টগুলো হলো- নীলক্ষেত ক্রসিং, পলাশি ক্রসিং, ফুলার রোড মোড়, বকশি বাজার ক্রসিং, চাঁনখারপুল ক্রসিং, শহিদুলস্নাহ হল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, জিমনেশিয়াম ক্রসিং, রোমানা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, টিএসসি সড়কদ্বীপ ও শাহবাগ ক্রসিং। একুশে ফেব্রুয়ারী শহিদ মিনারে আগতদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবন মাঠ, মন্ত্রিপরিষদের সদস্য, ভিআইপি ও বিদেশি কূটনীতিকদের জন্য ঢাবির খেলার মাঠ (জিমনেশিয়াম) এবং সর্বসাধারণের জন্য নীলক্ষেত-পলাশী, পলাশী ও ঢাকেশ্বরী সড়কগুলোতে পার্কিংয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।