admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
মাসিক ভাতা ২০ হাজার টাকা করার দাবি মুক্তিযোদ্ধাদের জন্য। ২০১৮ সালে দেশব্যাপী ছড়িয়ে পড়া কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হয়। তারপর থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে কোটা বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সচেতন মুক্তিযোদ্ধা ও প্রজন্ম পরিষদ আয়োজিত আলোচনা সভা থেকে মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের পাশাপাশি আরো কিছু দাবি জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বেলা ১১টার দিকে আয়োজিত এই আলোচনা সভা থেকে বক্তারা দাবি জানান, মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা করতে হবে। প্রসঙ্গত, বর্তমানে এই মাসিক ভাতার পরিমাণ ১২ হাজার টাকা। এর আগে ২০১৯ সালে এই ভাতা ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকায় উন্নীত করা হয়েছিল।
সচেতন মুক্তিযোদ্ধা ও প্রজন্ম পরিষদ’ নামক সংগঠনটির আলোচনা সভা থেকে আরো কিছু দাবি জানানো হয়। সেগুলো হলো- চাকরির ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধো কোটা পুনর্বহাল করতে হবে। স্বাধীনতাবিরোধীদের দলীয় মনোনয়ন দেয়া নিষিদ্ধ করতে হবে। এছাড়া যুদ্ধাপরাধীর সন্তানদের রাষ্ট্রীয়ভাবে বয়কট, রাজাকারের তালিকা প্রকাশ, মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য বিশেষ সুবিধা প্রণয়ন করতে হবে।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, এই বৃদ্ধ বয়সে মুক্তিযোদ্ধাদের তালিকা যাছাই-বাছাইয়ের নামে যেন আমাদেরকে হয়রানি না করা হয়, সেজন্য সরকারের কাছে আবেদন জানাই। এছাড়া মুক্তিযোদ্ধাদের সুদবিহীন এককালীন ১৫ লাখ টাকা ঋণ দেওয়ার দাবি জানান তিনি।