admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২০ ৯:০৫ পূর্বাহ্ণ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন বাতিল করা হয়েছে। অনিয়মের প্রমাণ পাওয়ায় উপজেলা নির্বাচন বাতিল। অনুষ্ঠিত হওয়া নির্বাচনে অনিয়ম খুঁজে পাওয়ায় চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন বাতিল করা হয়েছে। গত ১০ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রমাণ পাওয়ায় আজ রোববার এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশন ভবন তথ্যটি নিশ্চিত করে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করা হয়েছে এবং শিগগিরই সংশ্লিষ্টদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেয়া হবে।
গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. কাউছার। কিন্তু নির্বাচনী আচরণ বিধি লংঘন ও প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলাও করেছিল ইসি। যদিও বর্তমানে তিনি জামিনে আছেন। উপনির্বাচনে আগের রাতে ব্যালটে সিলমারাসহ নানা অনিয়মের অভিযোগ তদন্ত করে সেগুলোর প্রমাণ পায় ইসির একটি কমিটি। তদন্ত কমিটির সদস্যরা হলেন- ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার সাহা, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুজ্জামান তালুকদার ও ইসি উপসচিব মো. শাহেদুন্নবী চৌধুরী।