admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২০ ৫:৫২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সাংবাদিকতায় আমরা বাধা দেই না। প্রধানমন্ত্রী বলেছেন দেশের সাংবাদিকরা বর্তমানে স্বাধীনভাবে কাজ করতে পারছেন। তাদের কাজে বাধা দেওয়ার অভ্যাস নেই আমাদের। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সাংবাদিকদেরকে অবাধে কাজ করার সুযোগ দিয়েছিলেন। এখনো তারা সেই সুযোগ ভোগ করে যাচ্ছেন।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) রজতজয়ন্তী উৎসবে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎসবের প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।
শেখ হাসিনা বলেন, আমি নিজেও সাংবাদিক পরিবারের মানুষ। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকতাও করেছেন। একবার সাপ্তাহিক মিল্লাত নামে একটি পত্রিকা করেছিলেন তিনি। এছাড়া ইত্তেফাকের সঙ্গে তার সম্পর্কের কথা কে না জানে! দেশ স্বাধীনের পর নানাভাবে সাংবাদিকদের সাহায্য করেছেন বঙ্গবন্ধু। আমরাও এখন সেটা করে যাচ্ছি।
সাংবাদিকদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী আরো বলেন, আপনারা রিপোর্ট করলে তবেই আমরা দুর্নীতিবাজদের আইনের মুখোমুখি করতে পারি। সেজন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই। এই করোনাকালেও আপনারা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। আপনাদের জন্য শুভকামনা।