admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২০ ৯:২৯ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী বলেন কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না, সব ঘরে জ্বলবে আলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দেশের একটা মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না বলে আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতির কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার মাদারীপুর, ফরিদপুর এবং মৌলভীবাজার জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুজিববর্ষে দেশের একটা মানুষও যেন গৃহহারা না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। আসন্ন ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করার সময় প্রত্যেকটি ঘরে আলো জ্বলবে। সেই লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে। বর্তমানে দেশের ৯৭ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে।
প্রত্যেকের ঘরেই আলো জ্বলবে, আমরা সেইভাবেই পরিকল্পনা নিয়ে কাজ করবো এবং বাস্তবায়নও করে যাচ্ছি। রাস্তা-ঘাট, স্কুল, ব্রিজ, নদী ড্রেজিং, নৌপথ সচল, রেলপথ উন্নতসহ সবকিছুই করে দিচ্ছি। করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও দৃষ্টি দিতে হবে, যোগ করেন তিনি।
সেবার মনমানসিকতা নিয়েই কাজ করতে হবে জানিয়ে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ গণমানুষের সেবায় গড়ে উঠা একটি সংগঠন। ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে পেরেছি। ২০২৪ সাল পর্যন্ত সেটা আমাদের ধরে রাখতে হবে। কিন্তু দুর্ভাগ্য করোনার কারণে সারাবিশ্বে অর্থনৈতিক ও সামাজিকভাবে স্থবিরতা চলে এসেছে। তবুও আমরা থেমে নেই।