admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
নির্বাচন নির্বাসনে যেতে চায় মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার। নির্বাচন অর্থ অনেকের মধ্য থেকে ভোটের মাধ্যমে বাছাই- উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, পৌরসভা নির্বাচনের ফলাফল দেখে নির্বাচন নির্বাসনে যেতে চায় বলেই মনে হচ্ছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মাহবুব তালুকদার বলেন, নির্বাচন অর্থ অনেকের মধ্য থেকে ভোটের মাধ্যমে বাছাই হলেও সে অবস্থা আজকাল পরিলক্ষিত হয় না। নির্বাচন অংশগ্রহণমূলক ও সর্বজন গ্রহণযোগ্য হতে হবে। আর তা না হলে কোনো বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আপন মহিমায় বিকশিত হতে পারে না।
বর্তমান নির্বাচন কমিশনের আজ চার বছর পূর্ণ হয়েছে জানিয়ে তিনি বলেন, পেছনের দিকে তাকিয়ে মনে হচ্ছে, আমাদের আত্মবিশ্লেষণ প্রয়োজন। প্রায় সব নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে আমরা তৃপ্তি বোধ করলেও নির্বাচন বিষয়ে আমাদের সব দাবি জনগণের উপলব্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কেবল রাজনৈতিক দল নয়। নীরব জনগোষ্ঠীর অশ্রুত ভাষা শোনার চেষ্টাও থাকা দরকার।
ইসি বলেন, বর্তমানে নির্বাচন এককেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং তা বহুদলীয় গণতন্ত্রের উপাদান হতে পারে না। নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তাই এর প্রতিটি আইনকানুন ও আচরণবিধি কঠোরভাবে পালনের মধ্য দিয়ে গণতন্ত্রকে পরিপালন ও সংরক্ষণ করতে হয়। কিন্তু নির্বাচন প্রক্রিয়া যথাযোগ্য সংস্কার করা সম্ভব হয়নি। ফলে নির্বাচন ব্যবস্থাপনা এখন গভীর খাদের কিনারে। এই সংস্কার নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না, বরং রাজনৈতিক দলগুলো ও সংশ্লিষ্টদের সমঝোতা প্রয়োজন।
তিনি বলেন, আগামী মে মাস থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে ব্যাপক পরিসরে কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। সেখানে সহিংসতার শঙ্কা করি। আচরণবিধি লঙ্ঘন ও হানাহানি এখন নির্বাচনের অনুষঙ্গ। কাজেই কোনো অনভিপ্রেত ঘটনাকে বিচ্ছিন্ন বলে পাশ কাটানোর সুযোগ নেই। কারণ, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার সংমিশ্রণই অবিচ্ছিন্ন পরিস্থিতি। প্রাণহানির অভিশাপ থেকে বেরিয়ে আসার জন্য শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার পথ অবশ্যই খুঁজে বের করতে হবে জানিয়ে তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের উদ্যোগ কার্যকর হচ্ছে না। কেনো হচ্ছে না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক। যার শেষ ভালো তার সব ভালো।