admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২১ ১১:৪০ পূর্বাহ্ণ
জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৭ মার্চ) প্রত্যুষে এই শ্রদ্ধা জানানো হয়।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান- প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দুজনেই কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন- স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শাখাওয়াত মুন আরো জানান, শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। এরপর বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ৩২ নম্বরের বাড়ির সিঁড়িতে দ্বিতীয় দফা শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।