admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুন, ২০২০ ৮:৪৬ অপরাহ্ণ
গোপালগঞ্জ প্রতিবেদকঃ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলা আ.লীগের নেতৃবৃন্দ। রোববার সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশ থেকে করোনা সংকট নিরসনে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি শেখ মো. রুহুল আমিন, টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ হোসেন, টুঙ্গিপাড়া পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ আ.লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ঐতিহাসিক ছয় দফা দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা আ.লীগের কার্যালয়ে ভোরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেছে গোপালগঞ্জ জেলা আ.লীগ।