admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২০ ১০:৫৭ পূর্বাহ্ণ
বাংলাদেশে ৩৫০ জন সংসদ সদস্যকে (এমপি) প্রায় ৯০ হাজার টাকার একটি করে ল্যাপটপ ও প্রায় ২০ হাজার টাকার একটি করে প্রিন্টার মেশিন দেয়া হচ্ছে। সংসদ ভবন থেকে এগুলো বিতরণও শুরু হয়েছে, এ কার্যক্রম চলবে আগামী এক মাস।
জানা গেছে, ফেরত দেয়ার শর্তে দশম সংসদের এমপিদের ল্যাপটপ দেয়া হলেও তা আর ফেরত নেয়া হয়নি। একাদশ সংসদের এমপিদের একইভাবে ল্যাপটপের সঙ্গে প্রিন্টারও দেয়া হচ্ছে, যা ফেরত নেয়া হবে না।সংসদ সূত্র জানিয়েছে, এমপিদের চাহিদাপত্র অনুযায়ী দাপ্তরিক কাজের জন্য এসব ল্যাপটপ ও প্রিন্টার দেয়া হচ্ছে। সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সই করা এক চিঠিতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ চাহিদাপত্র চাওয়া হয়। সে অনুযায়ী সংসদের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বারের কার্যালয় থেকে এমপিদের কাছে যন্ত্র দুটি বিতরণ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ‘জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানবসম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এমপিদের ল্যাপটপ ও প্রিন্টার দেয়া হচ্ছে। যন্ত্র দুটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রলায়ণ কিনলেও বিতরণ করছে সংসদের আইটি বিভাগ। বিষয়টি নিশ্চিত করে এ বিভাগের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. আসিফ ইকবাল জানান, বিতরণ কার্যক্রম শুরু হলেও সবগুলো ল্যাপটপ ও প্রিন্টার এখনো এসে পৌঁছায়নি। তবে নির্ধারিত সময়ের এগুলো চলে আসবে।