admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২১ ১১:২৭ পূর্বাহ্ণ
অমর একুশে গ্রন্থমেলা শঙ্কা ছাপিয়ে আজ থেকে শুরু হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে এ বছর অমর একুশে গ্রন্থমেলা নিয়ে বেশ অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেসব ছাপিয়ে স্বাভাবিক সময়ের প্রায় দেড় মাস পর আজ (বৃহস্পতিবার, ১৮ মার্চ) থেকে শুরু হচ্ছে বাঙালির এই প্রাণের মেলা। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। যথারীতি বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় দেয়া হবে এ বছরের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।
প্রাণঘাতী করোনার কারণে এ বছর বইমেলায় স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন এসেছে। থাকছে না শিশু প্রহর। মুখে মাস্ক না থাকলে কাউকে মেলায় প্রবেশ করতে দেয়া হবে না। স্বাস্থ্যবিধি মানাতে মেলা প্রাঙ্গনে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ একটি দল। ছুটির দিন মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। চলতি মাসের শুরু থেকে করোনা সংক্রমণের উল্লম্ফন লক্ষ্য করা যাচ্ছে। এভাবে চলতে থাকলে মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে বইমেলা, সেই ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
গত ১৬ মার্চ বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবশ্যই আগে জীবন তারপর গ্রন্থমেলা। কোভিড পরিস্থিতি যদি এভাবে খারাপ হতে থাকে তাহলে নতুন সিদ্ধান্তে আসা ছাড়া উপায় থাকবে না। মন্ত্রী আরো বলেছেন, মহামারিকে কোনোভাবেই আমন্ত্রণ জানাতে পারি না। তাই সেই বিষয়টি মাথায় রেখেই আমরা বইমেলার প্রস্তুতি নিয়েছি। পরিস্থিতি খারাপ হয়ে গেলে কোভিড সংক্রান্ত জাতীয় কমিটির পরামর্শ অনুযায়ী যে কোনো মুহূর্তে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।