admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২০ ৭:১১ অপরাহ্ণ
অবশেষে সচল দৌলতদিয়া-পাটুরিয়ার মূল চ্যানেল। পদ্মা নদীর নাব্যতা সংকটের কারণে দীর্ঘ ১৩ দিন বন্ধ ছিলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথের মূল চ্যানেলে ফেরি চলাচল। ড্রেজিং করে পুনরায় নদীর নাব্যতা ফিরিয়ে আনার পর অবশেষে চ্যানেলটি দিয়ে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া নৌ-পথের মূল চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু হয়। এর আগে গত ২৯ আগস্ট পদ্মা নদীর নাব্যতার কারণে চ্যানেলটি বন্ধ হয়ে যায়। পরের দিন ৩০ আগস্ট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতে ড্রেজিং কার্যক্রম শুরু করে। টানা ১২ দিন ড্রেজিং করার পর অবশেষে গতকাল বৃহস্পতিবার নদীর নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হয়। ফলে আজ সকাল থেকে মূল চ্যানেলটি দিয়ে পুনরায় শুরু হয় ফেরি চলাচল।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার বলেন, নদীর নাব্যতার কারণে এতদিন ধরে এই নৌ রুটে চলাচলকারী ফেরিগুলোকে বিকল্প পথে যানবাহন পারাপার করতে হচ্ছিল। ফলে ফেরিগুলোকে এক ঘাট থেকে অন্য ঘাটে পৌঁছতে দীর্ঘ সময় লাগছিলো। এখন আবার মূল চ্যানেল দিয়ে ফেরি চলাচল চালু হওয়ায় সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
তিনি আরো জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হলেও নদীর নাব্যতা সংকটের কারণে বন্ধ রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-পথ। ফলে ওই রুটের যানবাহনগুলোকে নদী পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া রুটই ব্যবহার করতে হচ্ছে। ফলে এ রুটে এখনো যানবাহনের চাপ রয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-পথে ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ চাপ থাকবে।
এদিকে আজ শুক্রবার দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, এখনো যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। আটকা পড়ে আছে শত শত ট্রাক। এতে চালকদের পোহাতে হচ্ছে ভোগান্তি। তবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল জরুরি পণ্যবাহী ট্রাকগুলোকে ফেরি পারাপারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পদ্মা নদীর নাব্যতা সংকটের কারণে গত ৯ দিন ধরে বন্ধ রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-পথে ফেরি চলাচল।