admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২১ ৯:৪১ পূর্বাহ্ণ
সৌদি পাচ্ছে প্রথমবারের মতো ২৮০ মার্কিন মিসাইল। সৌদি আরবের কাছে প্রথমবারের মতো বড় অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। চুক্তির আওতায় ৬৫০ মিলিয়ন ডলার মূল্যের ২৮০টি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। পেন্টাগন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। রয়টার্স। সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হলেও মার্কিন আইনপ্রণেতারা ইয়েমেন যুদ্ধে জড়িত থাকার জন্য রিয়াদের সমালোচনা করে আসছে।
তাদের কাছে ইয়েমেন পরিস্থিতি বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়গুলোর মধ্যে একটি। বেসামরিক লোকদের হত্যা করার জন্য মার্কিন সরঞ্জাম ব্যবহার করা হবে না- এ নিশ্চয়তার দাবি করে যুক্তরাষ্ট্র এতদিন সৌদির কাছে সামরিক ক্রয়-বিক্রয় অনুমোদন করেনি। বৃহস্পতিবার পেন্টাগন এই বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে। অনুমোদিত হলে, এটি হবে সৌদি আরবের কাছে প্রথম অস্ত্র বিক্রির ঘটনা। বাইডেন প্রশাসন উপসাগরীয় মিত্রদের কাছে শুধু প্রতিরক্ষামূলক অস্ত্র বিক্রি করার নীতি গ্রহণ করার পর এ ঘটনা প্রথম ঘটল।
স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলছেন, ২৬ অক্টোবর অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়। গত এক বছরে সৌদি আরবের বিরুদ্ধে আন্তঃসীমান্ত আক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই অস্ত্র বিক্রির বিষয়টি ইয়েমেন সংঘাতের অবসান ঘটাতে কূটনীতিক অঙ্গীকারের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। ইরান-সমর্থিত হুথি বিমান হামলা থেকে আত্মরক্ষায় সৌদি আরব এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে। খবরে বলা হচ্ছে, রিয়াদের সাথে ট্রাম্প প্রশাসনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে বাইডেন প্রশাসন সৌদি আরবের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনে। সৌদি আরবে মানবাধিকার নিয়ে তীব্র উদ্বেগ রয়েছে। তবে ইরানের হুমকি মোকাবেলায় ওয়াশিংটনের সবচেয়ে মিত্র হল সৌদি আরব।
প্যাকেজের মধ্যে থাকবে ২৮০ এআইএম-১২০সি-৭/সি-৮ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল (এএমআরএএএম), ৫৯৬ এলএইউ-১২৮ মিসাইল রেল লঞ্চারসহ (এমআরএল) কনটেইনার, সাপোর্ট ইকুইপমেন্ট, খুচরা যন্ত্রাংশ, মার্কিন সরকার এবং ঠিকাদার প্রকৌশল ও প্রযুক্তিগত সহায়তা। স্টেট ডিপার্টমেন্টের অনুমোদন সত্ত্বেও বিজ্ঞপ্তিতে চুক্তি সম্পন্ন হওয়ার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়নি।