admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২০ ৯:৫৬ পূর্বাহ্ণ
সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের কাফালা পদ্ধতি সংক্রান্ত আইন শিথিল করা হয়েছে। এর ফলে শ্রমিকরা যেকোনো সময় চাকরি ছাড়তে এবং দেশেও ফিরতে পারবেন। সৌদি জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি শ্রমিকদের জন্য গতকাল বুধবার শ্রম আইন সংস্কারের ঘোষণা দেয়া হয়েছে, যা আগামী মার্চ থেকে কার্যকর হবে। এর আওতায় বিদেশি শ্রমিকদের চুক্তি ডিজিটাল পদ্ধতিতে লিপিবদ্ধ করা হবে এবং তারা সরকারি সেবার জন্যও আবেদন করতে পারবেন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী শ্রমিকদের চুক্তিভিত্তিক নিয়োগে যেসব বিধিনিষেধ রয়েছে, তার কিছু কিছু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এর ফলে নিয়োগদাতাদের নিয়ন্ত্রণে থাকা প্রায় এক কোটি বিদেশি শ্রমিক এখন নিজেরাই নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন। সৌদি সরকার জানায়, কর্ম পরিবেশের উন্নয়ন ও দক্ষতা বাড়াতে আইন শিথিল করে নতুন নিয়ম চালু করা হয়েছে। বিদেশি শ্রমিকদের সঙ্গে নিয়োগদাতাদের চুক্তিকে কাফালা নামে ডাকা হয়, যা বহুল আলোচিত বিষয়।
এই পদ্ধতি নিয়ে অভিযোগ করে আসছে মানবাধিকার সংস্থাগুলো। এটি বিদেশি শ্রমিকদের নির্যাতন ও শোষণে নিয়োগদাতাদের সুযোগ করে দেয় বলে মনে করে তারা। এতে সংস্কার আনা সংক্রান্ত সৌদি সরকারের উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলা হলেও এটি পুরোপুরি বিলুপ্ত করার দাবি জানানো হয়েছে সংগঠনগুলির পক্ষ থেকে। সৌদি জনশক্তি বিষয়ক উপমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের আবুথুনাইন বলেন, এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি আকর্ষণীয় শ্রমবাজার গড়ে তুলতে চাই। একই সঙ্গে বিদেশি কর্মীদের কাজের উন্নত পরিবেশও নিশ্চিত করতে চাই।