admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ব্যুরো প্রধান: সাভার পৌরসভার রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে ট্রাক নিয়ে নির্বাচনী মিছিল করায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের ৩টি ট্রাককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নূর এই অভিযান পরিচালনা করে অর্থদণ্ড আদায় করে।
ভ্রাম্যমাণ আদালতে যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন, পলাশবাড়ী এলাকার বাসিন্দা মো. মামুন, রেডিও কলোনি এলাকার মো. বিল্লাল হোসেন ও আশুলিয়ার মো. জাহাঙ্গীর আলম।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশুলিয়া থানা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনীতে মহাসড়ক বন্ধ করে নির্বাচনী প্রচারনা ও জনসভা করে যানবাহন ও জনসাধরনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় ঘটনাস্থলে থাকা ৩টি ট্রাককে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে পরবর্তীতে নির্বাচনী আচরনবিধি মেনে চলার বিষয়ে সর্তক করে দেওয়া হয়েছে।