admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুন, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার সকাল ৭ টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামের বোনের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ তিনি মুক্ত কলমকে জানান, সকাল ৭ টা থেকে ৮ টার দিকে তাকে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে আটক করে নিয়ে গেছে। তার বাড়ি তো জামালপুর, সে এখানে তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন।
এর আগে নাদিমকে পিটিয়ে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে ছয়জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য গোলাম কিবরিয়া সুমন, ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন, তোফাজ্জল, আয়নাল, শহীদ ও ফজলু। বাকিদের আটক করার চেষ্টা চলছে।ঘটনার দিন বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন তার ওপর হামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।