admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যা মামলার রায় ঘোষণা। শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছিলেন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। বিশ্বব্যাপী আলোড়ন তোলা ওই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) ১২ সদস্যের জুরি প্যানেল রায় ঘোষণা করেন। গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যা করে কিছু শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। এর মধ্যে ডেরেক চাউভিন জর্জ ফ্লয়েডের গলা চেপে ধরেছিলেন।
ডেরেক চাউভিনের বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণ করা হয়েছে। সেগুলো হলো- দ্বিতীয় মাত্রার হত্যাকাণ্ড, তৃতীয় মাত্রার হত্যাকাণ্ড এবং নরহত্যা। শাস্তি হিসেবে তাকে কয়েক দশক জেলে থাকতে হতে পারে। এই রায় ঘোষণার পর আদালতের বাইরে কয়েকশ মানুষ বিজয়োল্লাসে মেতে ওঠেন।
জর্জ ফ্লয়েড হত্যার পর গত বছর করোনার তীব্র সংক্রমণের মধ্যেই ফুঁসে ওঠে কৃষ্ণাঙ্গরা, তাদের সঙ্গে হাজার হাজার শেতাঙ্গরাও যোগ দেয়। আন্দোলন এক পর্যায়ে দাঙ্গায় রূপ নেয়। ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বাইরে বিভিন্ন দেশে। হত্যাকাণ্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চার পুলিশ কর্মকর্তা মিলে একটি গাড়ির পাশে ৪৬ বছর বয়সী ফ্লয়েডকে রাস্তায় ফেলে রেখেছে। এক পুলিশ কর্মকর্তা (ডেরেক চাউভিন) হাঁটু দিয়ে তার গলা চেপে ধরে আছে। বার বার কাকুতি-মিনুতি করলেও তাকে ছাড়েনি ওই পুলিশ কর্মকর্তা। এভাবে এক পর্যায়ে ফ্লয়েডের মৃত্যু হয়।