admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২০ ১২:৫৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য হঠাৎ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য। স্থানীয় সময় সোমবার বিকেলে রাজ্যের দক্ষিণ উপকূলে এই কম্পন অনুভূত হয়। এ সময় সেখানকার বাসিন্দারা বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।দেশটির জাতীয় জিওলজিক্যাল সার্ভের প্রতিবেদনে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭.৫।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, ভূমিকম্পটির তীব্রতা বেশি হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর আলাস্কার উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এরপরই বাসিন্দারা আতঙ্কে উপকূলের নিচু এলাকা থেকে সরে গিয়েছেন।
দেশটির জাতীয় সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে জানানো হয়, ভূমিকম্পের পর পরই আলাস্কার পেনিনসুলার স্যান্ড পয়েন্টের কাছে একটি ছোটখাটো সুনামি বয়ে গেছে। যার স্রোতের উচ্চতা ছিল ২ ফুটের মতো। এর আফটার শক আসতে পারে দুই ঘণ্টা পর। তাই সতর্কতা জারি করা হয়েছে।উল্লেখ্য, ভূমিকম্পটির তীব্রতা বেশি হলেও আলাস্কায় এটি নতুন কিছু নয়। তিন মাস আগেও সেখানে ৭.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময়ও রাজ্যটিতে সুনামির সতর্কতা জারি করেছিল জাতীয় সুনামি ওয়ার্নি সেন্টার।