admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুন, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে উদ্বাস্তু ২ লাখ ৩০ হাজার। সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত কমপক্ষে ২ লাখ ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। অভ্যুত্থান পরবর্তী অভ্যন্তরীণ সহিংসতার কারণে এসব মানুষ উদ্বাস্তু হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি দেশটির সেনাবাহিনী রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। তবে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অভ্যুত্থানে আটক নেত্রী অং সান সু চির মুক্তি এবং সামরিক শাসনের বিরোধিতা করে আয়োজিত বিক্ষোভে হামলাও চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এতে পরিস্থিতি ব্যাপক সহিংস হয়ে উঠে।
এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে যে, মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের গত কয়েক মাসে দেশটিতে কমপক্ষে ২ লাখ ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। এদিকে, বর্তমানে সহিংসতার মাত্রা কিছুটা কমে আসলেও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত আছে। বিক্ষোভকারীরা জান্তা সরকারকে প্রত্যাখ্যান করে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। পাশাপশি নিজেদের প্রবাসী সরকার গঠন করা হয়েছে।
অন্যদিকে, দেশটির বিভিন্ন রাজ্যের বিদ্রোহী সংগঠনগুলোও এই আন্দোলনে যোগ দিয়েছে। তারাও সেনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ইতোমধ্যে সেনাবাহিনীর কয়েকটি চেক পোস্টে তারা হামলা চালিয়ে বেশ কিছু সেনা সদস্যকে হত্যা করেছে।
স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করছে, অভ্যুত্থানের পর থেকে প্রতিবাদ কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় ৯০০ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। কিন্তু জান্তা সরকারের পক্ষ থেকে বিক্ষোভকারীদের দাবির ব্যাপারে সে রকম কোনো প্রতিক্রিয়া লক্ষ করা যায়নি আজও।