admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২০ ৩:৪৭ অপরাহ্ণ
মাস্ক ব্যবহারে বাধ্যতা মূলক করতে পদক্ষেপ নেওয়া হবে। কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ মোকা বেলায় সবার জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় তিনি এ কথা বলেন। করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় করণীয় সংক্রান্ত বিষয়দি নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আসন্ন শীত মৌসুমে দেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে। প্রাণঘাতী ভাইরাসটি মোকাবেলায় এই মুহূর্তে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই যতদিন না দেশের জনগণের মধ্যে করোনার টিকা প্রয়োগ করা হচ্ছে, ততদিন পর্যন্ত সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক। এ বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরো বলেন, ইউরোপ ও আমেরিকার অনেক দেশে ইতোমধ্যে করোনার সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ শুরু হয়ে গেছে। সংক্রমণ মোকাবেলায় অনেক দেশ দ্বিতীয় দফায় লকডাউন জারি করেছে। আশঙ্কা করা হচ্ছে, আমাদের দেশেও সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দিতে পারে। সেটা মোকাবেলা সব ধরনের সক্ষমতা আমাদের রয়েছে। তবে জনগণ যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে, সচেতন না হয়, তাহলে এটি ভয়ের কারণ হতে পারে।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, জাতীয় টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সানালসহ আরো অনেকে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মহাপরিচালক ও কর্মকর্তারা সশরীরে উপস্থিত ছিলেন।