admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকা আসছেন। জয়শঙ্কর আগামীকাল বৃহস্পতিবার একদিনের সফরে ঢাকা আসছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আলোচ্য সূচি নির্ধারণে তিনি সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন বলে জানা গেছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আবার একই দিন তিনি ঢাকা ত্যাগ করবেন। প্রসঙ্গত, আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী। একই সঙ্গে ওই দিন বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ওই দিন (২৬ মার্চ) ঢাকায় আসার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
সফরকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ বিষয়ে এদিন শাহরিয়ার আলম বলেন, ঢাকা প্রত্যাশা করছে, মোদির এই সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি। আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি কানেক্টিভিটির বিষয়টি গুরুত্ব পাবে।