admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ
ভারতের চীন সীমান্তে মার্কিন অস্ত্র মোতায়েন। সম্প্রতি এসব অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়েছে বলে আজ শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম খবর দিয়েছে। চীনকে ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে ভারত। সীমান্তে মার্কিন অস্ত্রশস্ত্র মোতায়েন তারই প্রতিফলন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত তার উত্তর-পূর্বে ভুটান এবং তিব্বত সংলগ্ন তাওয়াং মালভূমির ওপর মোতায়েন করেছে এসব অস্ত্রশস্ত্র।
ওই অঞ্চলটির মালিকানা দাবি করে চীন। তবে বর্তমানে সেটি নিয়ন্ত্রণ করছে ভারত। প্রতিবেদন সূত্রে জানা যায়, যেসব অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি আল্ট্রা-লাইট টাউড হাউইটজার, চিনুক হেলিকপ্টার এবং রাইফেলের পাশাপাশি অভ্যন্তরীণভাবে তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এ ছাড়া একটি অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা পূর্ব তিব্বতের সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে। যা ভারতীয় সেনাদের বাড়তি শক্তি যোগাবে বলে মনে করা হচ্ছে।
এনডিটিভি বলছে, তিব্বত সংলগ্ন তাওয়াং মালভূমি অঞ্চলের রাজনৈতিক ও সামরিক তাৎপর্য আছে। চীনের সামরিক অভিযান থেকে বাঁচতে তিব্বতের আধ্যাত্মিক বৌদ্ধধর্মীয় গুরু দালাইলামা ১৯৫৯ সালে ওই এলাকার পাহাড়ি পথ পেরিয়ে ভারতে চলে আসেন। এর তিন বছর পর ওই এলাকায় ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়।