admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মে, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
ভারতে তাণ্ডব চালাচ্ছে মরণঘাতী করোনাভাইরাস প্রতি ঘণ্টায় ১৫০ জনের মৃত্যু! প্র্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। বিগত কয়েক দিনে দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। এরই মধ্যে টানা ১০ দিনে ভারতে মৃত্যুর বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে আজ শুক্রবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাকালে যেকোনো টানা ১০ দিনের হিসাবে প্রতি ঘণ্টায় ভারতে ১৫০ জনের মৃত্যুর বিশ্বরেকর্ড তৈরি হয়েছে। এর আগে আমেরিকা ও ব্রাজিলে দিনে ৩ বা ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হলেও টানা ১০ দিনের হিসাবে এগিয়ে রয়েছে ভারত।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, গত ১০ দিনে দেশটিতে প্রতিদিন ৩ হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এই সময়ে দেশটিতে মোট মোট ৩৬ হাজার ১১০ জন মারা গেছে। যা গড়ে প্রতি ঘণ্টায় ১৫০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, টানা ১০ দিনে এর আগে যুক্তরাষ্ট্রে ৩৪ হাজার ৭৯৮ জন এবং ব্রাজিলে ৩২ হাজার ৬৯২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরো ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জনকে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। যা বিশ্বে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এ ছাড়া একই সময়ে ভারতে করোনায় আক্রান্ত আরো ৩ হাজার ৯১৫ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ তথ্যানুসারে ভারতে এখন পর্যন্ত মোট ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। আর ভাইরাসটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জন। দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৩৬ লাখ।