admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২১ ১১:৪১ অপরাহ্ণ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে মাইন বিস্ফোরণ, ৫ ভারতীয় সেনা হতাহত। আবারো নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুই ভারতীয় সেনা নিহত এবং তিন জন আহত হয়েছেন। আজ শনিবার, ৩০ অক্টোবর, সাবেক এই রাজ্যটির নওশেরা-সুন্দরবানি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে এ ঘটনা ঘটে। ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় সেনা টহলের সময় একটি মাইন বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত দুই জনের মধ্যে একজন সেনা কর্মকর্তা এবং একজন সেনা সদস্য। খবরে বলা হয়েছে, আহত তিন জনকে সেনাবাহিনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। একজন সিনিয়র পুলিশ অফিসার গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণে তিন জন আহত এবং দুই জন নিহত হয়েছেন।
প্রসঙ্গত, বিগত তিন সপ্তাহ ধরে কাশ্মিরের বিভিন্ন অংশে তথাকথিত জঙ্গিবিরোধী সেনা অভিযান চলছে। খোদ ভারতীয় সংবাদ মাধ্যমেই বলা হয়েছে, চলমান অভিযানে সন্ত্রাসীদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো সফলতা পায়নি ভারতীয় সেনাবাহিনী। উল্টো বিভিন্ন হামলায় শনিবারের আগে ৯ ভারতীয় সেনা ও ২ বেসামরিক নাগরিকসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। আজকের দুই জন নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।
উল্লেখ্য, ১৯৪৭ সালের পর থেকেই কাশ্মিরের নিয়ন্ত্রণ ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বর্তমানে কাশ্মিরের দুই অংশ নিয়ন্ত্রণ করছে দুই দেশ। তবে উভয় দেশই গোটা কাশ্মির দাবি করে আসছে। এ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে তিন তিনটি যুদ্ধ হয়েছে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির একটি রাজ্য ছিল। তবে ২০১৯ সালের ৫ আগস্ট রাজ্যটির বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের বর্তমান মোদি সরকার। এরপর থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছে। কাশ্মিরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কয়েক লাখ সেনা মোতায়েন করেছে ভারত।