admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ মার্চ, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
বাংলাদেশের সাফল্য বিশ্বের কাছে তুলে ধরার উদ্যোগ নিচ্ছে প্রধানমন্ত্রী। স্বাধীনতার ৫০ বছরে এসে বাংলাদেশের সাফল্য বিশ্বের কাছে তুলে ধরার উদ্যোগ নিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার! এর অংশ হিসেবে মার্কিন সিএনএন ইন্টারন্যাশনাল কমার্শিয়ালের (সিএনএনআইসি) সঙ্গে চুক্তি করতে আগ্রহ দেখিয়েছে ঢাকা। গত ২৬ ফেব্রুয়ারি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের সুপারিশ লাভ করে বাংলাদেশ। জাতিসংঘের সিডিপির এ ঘোষণার চার দিন আগে ২২ ফেব্রুয়ারি সরকারকে একটি প্রস্তাব পাঠায় সিএনএনআইসি।

তাতে বিভিন্ন ক্ষেত্রে ঢাকার সক্ষমতার চিত্র সারা বিশ্বে প্রচারে অংশীদার হতে নিজেদের আগ্রহের কথা জানায় মার্কিন প্রতিষ্ঠানটি। এটি ছিল মূলত বাংলাদেশের বৈশ্বিক ব্র্যান্ডিংয়ের চুক্তির প্রস্তাব।এর ৪ দিন পর চুক্তি সইয়ের অনুমোদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়ে আবেদন করে বাণিজ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী এটি অনুমোদন করেছেন কি না, তা এখনো জানা যায়নি।
সিএনএনআইসি হচ্ছে মার্কিন টিভি চ্যানেল সিএনএনের অ্যাডভার্টাজিং প্রতিষ্ঠান। এটি ব্র্যান্ড ও পাবলিশারদের ব্যবসা বাড়াতে বিশ্বব্যাপী প্রচারণা চালিয়ে থাকে। বিশেষ করে টেলিভিশন, ডিজিটাল ও সামাজিকমাধ্যমের সহায়তায় দর্শকদের কাছে পৌঁছানো চেষ্টা করা হয়।