admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২০ ৪:২১ অপরাহ্ণ
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৯৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই সময়ের মধ্যে আরও ৩৭ জন মারা গেছেন। ফলে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট ২ হাজার ২৭৫ জনের মৃত্যু ঘটলো। আর সব মিলিয়ে এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হলো ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জনের মধ্যে।প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৮৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এই সময়ের মধ্যে যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে, সেগুলোর মধ্যে ২১.৮৬ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট ৯ লাখ ১৮ হাজার ২৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার ১৯.৪৩ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ২৯ জন পুরুষ। নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬২ জন সুস্থ হয়েছেন, ফলে সুস্থ হওয়াদের মোট সংখ্যা দাঁড়ালো ৮৬ হাজার ৪০৬ জনে।