admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২০ ৫:৫৬ পূর্বাহ্ণ
বাংলাদেশে এক দিনে আরও ৩ হাজার ৩৬০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে, তাতে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ২৩৮ জন। বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৭০৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৮৪ হাজার ৫৪৪ জনে। করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তা দেড় লাখ পেরিয়ে যায় ২ জুলাই। সেদিন ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ। আর ১৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ৫ জুলাই তা দুই হাজার ছাড়িয়ে যায়।
এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য তুলে ধরে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১২ জন নারী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ জনের এবং বাড়িতে থাকা অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, ১৪ জন চট্টগ্রাম বিভাগের, দুজন রাজশাহী বিভাগের, দুজন সিলেট বিভাগের, ছয়জন খুলনা বিভাগের, দুজন ময়মনসিংহ বিভাগের এবং তিনজন রংপুর বিভাগের। এই ৪১ জনের মধ্যে একজনের ১০ বছরের নিচে এবং দুজনের বয়স ৮০ বছরের বেশি ছিল। এ ছাড়া ৯ জনের ৭১-৮০ বছরের মধ্যে, ১২ জনের ৬১-৭০ বছরের মধ্যে, ১১ জনের ৫১-৬০ বছরের মধ্যে, তিনজনের ৪১-৫০ বছরের মধ্যে, দুজনের ৩১-৪০ বছরের মধ্যে, একজনের ১১-২০ বছরের মধ্যে ছিল।
ডা. নাসিমা সুলতানা বলেন, দেশের ৭৬টি ল্যাবে গত এক দিনে ১৫ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা হয়; এ পর্যন্ত দেশে পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪ হাজার ৭৮৪টি নমুনা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ১৪ শতাংশ, মৃত্যু হার ১ দশমিক ২৮ শতাংশ। করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, সুরক্ষিত থাকতে সব নির্দেশনা মেনে চলুন।