admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়া সদরে অবৈধভাবে বাড়ি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী উত্তর পাড়ায় এলাকাবাসী এ মানববন্ধন করে।
এতে বক্তব্য রাখেন এলাকাবাসী আবুল হোসেন, শামসুল রহমান, সাত্তার শাহ, মো. আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল ইসলাম একজন চিহ্নিত ভুমিদস্যু। সে দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি করে অত্র এলাকার বিভিন্ন অসহায় মানুষের জমি দখল করে আসছে। এরই ধারাবাহিকতায় লিপনের বাড়িসহ ৬ শতক জায়গা দখলের পায়তারা করছে।
বাড়ির মালিক লিপন জানান, আমি দীর্ঘদিন যাবত ৩৩ শতক জায়গা পৈতৃক সূত্রে পাই। এবং ভোগদখল করে আসছি। এর মধ্যে ৬ শতক জায়গা নিজের দাবি করে নুরুল ইসলাম। অবৈধভাবে দখলের জন্য বিভিন্ন পায়তারা চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে সে একই এলাকার প্রবাসী বাদলের ৭ শতক জায়গা দখল করে নিয়েছে। তার স্ত্রী রেহেনা বেগম একমাত্র শিশু সন্তান কে নিয়ে বিভিন্ন মহলে ধর্ণা দিয়েও জায়গা পুনরুদ্ধার করতে পারেনি।
ভুক্তভোগী লিপন এই বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা কামনা করেন। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন, মাকসুদা বেগম, রুমি আকতার প্রমুখ।