admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মে, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ
জসিফিনা এম রোজালিন, স্টাফ রিপোর্টার ফিলিপাইনঃ ফিলিপাইন মাছ ধরায় চীনা নিষেধাজ্ঞা মানবে না। চীন সরকার দক্ষিণ চীন সাগরে মাছ ধরার ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে ফিলিপাইন তা প্রত্যাখ্যান করেছে।তারা এই নিষেধাজ্ঞা মানবে না বলে জানিয়ে দিয়েছে। পাশাপাশি নিজ দেশের জেলেদের দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় মাছ ধরার জন্য উৎসাহিত করে তুলছে ম্যানিলা সরকার। এ অবস্থায় চীন ও ফিলিপাইনের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরের পানিসীমার অধিকাংশ এলাকা নিজেদের বলে দাবি করে আসছে চীন। তবে তা মানতে নারাজ দক্ষিণ চীন সাগরের উপকূলবর্তী অন্য দেশগুলো। এ নিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে চীনের দ্বন্দ্ব চলে আসছে। আর এই দ্বন্দ্বে চীনের বিরোধী পক্ষকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক বিবৃতিতে ফিলিপাইনের দক্ষিণ চীন সাগর বিষয়ক টাস্কফোর্স বলেছে, দক্ষিণ চীন সাগরে মাছ ধরার ওপর চীনের আরোপিত নিষেধাজ্ঞা ফিলিপাইনের জেলেদের জন্য প্রযোজ্য নয়। তাই তাদের জেলেরা দক্ষিণ চীন সাগরে নিজেদের পানিসীমায় মাছ ধরবে।
উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে বিগত ২০ বছরের বেশি সময় আগে গ্রীষ্মকালীন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে বেইজিং সরকার। যা প্রতি বছর ১ মে থেকে ১৬ আগস্ট পর্যন্ত কার্যকর থাকে। এ সময়ে দক্ষিণ চীন সাগরের বেশ কিছু এলাকা এবং পুরো চীনা উপকূল জুড়ে মাছ ধরা নিষিদ্ধ থাকে। ফিলিপাইনের দক্ষিণ চীন সাগর বিষয়ক টাস্কফোর্স ওই বিবৃতিতে আরো উল্লেখ করে যে, জাতীয় স্বার্থ রক্ষায় মোটেই পিছপা হবে না ম্যানিলা।