admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২০ ৮:৪২ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠকে হতে পারে ৪ চুক্তি। ডিসেম্বরে একটি ভার্চুয়াল বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। আগামী ১৬ অথবা ১৭ ডিসেম্বর এই বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি, ওই বৈঠকে দুই দেশের মধ্যে ৪টি সমঝোতা চুক্তি সই এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গণমাধ্যমকে সোমবার তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে ৪টি চুক্তি সইয়ের ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে চুক্তিগুলো এখনো চূড়ান্ত করা হয়নি। আগামী ১৬ কিংবা ১৭ ডিসেম্বর দুই প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল ওই বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে ড. মোমেন বলেন, ওই বৈঠক থেকে ভারতীয় ক্রেডিট লাইনের আওতায় সম্পন্ন হওয়া বেশ কিছু প্রকল্প উদ্বোধন করা হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। চলমান করোনা পরিস্থিতির উন্নতি হলে ঢাকায় আসবেন ভারতীয় প্রধানমন্ত্রী। অন্যদিকে, দুই প্রধানমন্ত্রীর ডিসেম্বরের বৈঠক এবং মার্চে মোদির ঢাকা সফরকে সামনে রেখে আগামী মাসের প্রথম সপ্তাহে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন, চলতি বছর বাংলাদেশে মুজিববর্ষ পালিত হচ্ছে। এ ছাড়া আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। সে লক্ষ্যেই সংশ্লিষ্ট সকলে কাজ করছেন। ভারতীয় হাইকমিশনার আরো বলেন, বাংলাদেশের আসন্ন বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠানের বিষয়ে প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে, এসবের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।