admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুন, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ফিটনেস,রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন এবং সড়ক দুর্ঘটনা এড়াতে দ্রুতগামী হেলমেট বিহীন মোটরসাইকেলের ও যানবাহনের বিরুদ্ধে পঞ্চগড়ে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
অভিযানে বিভিন্ন ক্যাটাগরির আটটি যানবাহনকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একই সঙ্গে তাদের সতর্ক করা হয়।শুক্রবার (২৮জুন) দুপুরে বিআরটিএ পঞ্চগড় সার্কেল বোদা হাইওয়ে থানা পুলিশকে সঙ্গে নিয়ে যৌথভাবে পঞ্চগড়ের বোদা উপজেলার সাতখামার ১১ মাইল এলাকায় এই অভিযান চালানো হয়।
জেলা বিআরটিএ অফিস সূত্রে জানা যায়, সড়কে নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল নিশ্চিত করতে বিশেষ এ অভিযান শুরু হয়। এর আগেও নিয়মিতভাবে থানা পুলিশ, ট্র্যাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।এ সব অভিযানে নেতৃত্ব দেয় বিআরটিএ পঞ্চগড় সার্কেলের মোটরযান পরিদর্শক রেজোয়ান শাহ্।পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন,ফিটনেসবিহীন যানবাহন, মহাসড়কে নসিমন-করিমন, হেলমেটবিহীন মোটরসাইকেল, অতিরিক্ত গতি সম্পন্ন গাড়ি আটকসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয় এ অভিযানে।
মোটরযান পরিদর্শক রেজোয়ান শাহ্ বাংলানিউজকে বলেন, বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে মহাসড়কে অবৈধ খেলাপি এবং ফিটনেস বিহীন, দ্রুতগতির হেলমেট বিহীন মোটরযানের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। সে অভিযানের অংশ হিসেবে আজকে আমরা বোদা হাইওয়ে থানা পুলিশকে নিয়ে বিশেষ এই অভিযান শুরু করেছি। রাস্তায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সড়কে দুর্ঘটনার মূল কারণ অসতর্কতা। এজন্য আমরা অনেককে আটক করে সতর্ক করে দিচ্ছি। মোটরসাইকেলে হেলমেট পরিধানসহ প্রত্যেককে রাস্তায় আইন মেনে চলার উৎসাহ প্রদান করছি।