admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২০ ৮:৩৩ পূর্বাহ্ণ
নিউজিল্যান্ডের মুসলমান নারীদের পুলিশ ইউনিফর্মে হিজাব। মুসলমান নারীদের পুলিশ বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে নিউজিল্যান্ড পুলিশের পোশাকে হিজাব অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে হিজাবের মতো পোশাক পরিধান করে দায়িত্ব পালন করতে পারবেন দেশটির মুসলিম নারী পুলিশ সদস্যরা। নিউজিল্যান্ড সরকারের এ সিদ্ধান্তের ফলে আনুষ্ঠানিকভাবে পোশাকের সঙ্গে হিজাব পরিধান করা প্রথম পুলিশ কর্মকর্তা হতে যাচ্ছেন সদ্য নিয়োগ পাওয়া কনস্টেবল জিনা আলি।
পুলিশের একজন মুখপাত্র জানান, দেশের বহু জাতি-গোষ্ঠীর সদস্যদের নিয়ে আরো বিস্তৃত পরিসরে সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আরো বেশি মুসলমান নারী পুলিশ বাহিনীতে যোগ দিতে আগ্রহী হবেন।
নিউজিল্যান্ড পুলিশ জানায়, সেকেন্ডারি পুলিশ স্কুল পরিদর্শনের পর পুলিশ কর্মকর্তাদের সুপারিশের পর ২০১৮ সাল থেকেই এ ব্যাপারে কাজ শুরু হয়। পোশাকের অংশ হিসেবে প্রথম হিজাব ব্যবহারের অনুমতি চেয়েছিলেন কনস্টেবল জিনা আলি। নিউজিল্যান্ড হেরাল্ডের তথ্য অনুযায়ী, ক্রাইস্ট চার্চ সন্ত্রাসী হামলার পরে পুলিশে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন এই মুসলিম নারী।
জিনা আলি বলেন, ওই ঘটনার পর আমার মনে হলো, মানুষকে সহায়তা করার জন্য পুলিশ বাহিনীতে মুসলিম নারীদের আরো বেশি অংশগ্রহণ করা উচিত। পোশাকের অংশ হিসেবে হিজাব তুলে ধরতে পারায় আমার খুব ভালো লাগছে। এটা দেখে মুসলমান নারীরা পুলিশে যোগ দিতে চাইবেন বলে মনে করি।