admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২০ ৮:৫৮ পূর্বাহ্ণ
ঢাকার পান্থপথে গ্যাসের লাইনের বিস্ফোরণ,তিতাসের ৩ জনসহ দগ্ধ ৪। গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিতাস গ্যাসের তিন কর্মীসহ চার জন দগ্ধ হয়েছেন। অপরজন হলেন পথচারী। লিকেজ মেরামত করতে গিয়ে আজ রোববার সন্ধ্যার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
দগ্ধরা হলেন- আব্দুল্লাহ (৫৫), আজিম (৪০), রুহুল আমিন (৪০) এবং পথচারী জাফর (৩০)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।তিতাস গ্যাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়রা জানান যে, পান্থপথ থেকে গ্রিন রোডে ঢোকার মুখে মাটির নিচে থাকা গ্যাসের লাইনে সমস্যা দেখা দিয়েছে। এ খবর শুনে সেখানে মেরামতের টিম পাঠানো হয়। কিন্তু টিমের সদস্যরা ঘটনাস্থলে যাওয়া মাত্রই বিস্ফোরণ ঘটে। তবে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বিস্ফোরণের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুল খান চিকিৎসকের বরাত দিয়ে জানান, এ ঘটনায় দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকি দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের একজনের ২৭ শতাংশ এবং অন্যজনের ৩০ শতাংশ পুড়ে গেছে।