admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৪৮ অপরাহ্ণ
কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আতিয়ার পাড়া, ২ নং ওয়ার্ডের বাইয়ার পাড়া ও ৫ নং ওয়ার্ডের তেলিবিলা এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল ও টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় টপ সয়েল ও টিলা কাটার দায়ে চার মামলায় সাড়ে নয় লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। ১৭ ফেব্রুয়ারি সারারাত ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, লোহাগাড়া থানার এসআই শরীফুল ইসলাম পিপিএম, উপজেলা পরিষদের সিএ রুবেল, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দরা সাথে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, রাতের অাঁধারে উপজেলার উপজেলার চরম্বা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আতিয়ার পাড়া, ২ নং ওয়ার্ডের বাইয়ার পাড়া ও ৫ নং ওয়ার্ডের তেলিবিলা ও পদুয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবৈধভাবে জমির টপসয়েল ও টিলা কাটছিল প্রভাবশালীরা। অবৈধভাবে টিলা ও টপ সয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে জামাল উদ্দিন কে ৪ লাখ টাকা, ছেনুয়ারা বেগমকে ৫০হাজার টাকা, ইয়াসিন আরাফাত কে ৪ লাখ টাকা এবং নিখিল দাশ বাবু কে ১ লাখ টাকাসহ মোট চার মামলায় সাড়ে নয় লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।