admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২০ ৭:৩৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ধনু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে স্থানীয় ডুবুরি দল নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে।এর আগে গতকাল রোববার সন্ধ্যায় জেলার ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় যাত্রীবাহী নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। এরপর থেকে ওই তিনজন নিখোঁজ ছিলেন।
নিহতরা হলেন- মাগুরী গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে নৌকার মাঝি হাসান আলী (৭০), একই গ্রামের মো. মোখলেছ মিয়ার নব বিবাহিতা স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামনি (৫)।
বিষয়টি নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান জানান, সকাল ৯টার দিকে প্রথমে মাঝি হাসান আলীর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ডুবুরি দল। এর আধা ঘণ্টা পর একই স্থান থেকে সুমাইয়া ও হীরামনির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গতকাল রোববার দুপুরের দিকে মাগুরী গ্রামের হাসান আলী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে একই উপজেলার কুর্শি গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় সেখান থেকে ফেরার সময় ঘটনাস্থলে আসলে ধনু নদীর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে নৌকায় থাকা ৮ জনকে জীবিত উদ্ধার করে। কিন্তু শিশুসহ ওই তিনজন ডুবে যান।