admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ
কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর দুই দিনে ৯ সেনা নিহত। জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে দুই দিনে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে নিখোঁজ দুই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পুঞ্চ জেলায় অভিযান চালানের সময় নিখোঁজ হওয়া একজন জুনিয়র কমিশনড অফিসারসহ দুই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে সামরিক বাহিনী।
সন্ত্রাসীরা আত্মগোপনে রয়েছেন সন্দেহে ওই এলাকার ঘন বনাঞ্চলে দেশটির সামরিক বাহিনী বড় ধরনের চিরুনি অভিযান শুরু করে। অভিযান শুরুর ৪৮ ঘণ্টা পর সেখান থেকে ওই দুই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্য দিয়ে জম্মু-কাশ্মিরের এই জেলায় চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাসদস্যদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। জম্মু-কাশ্মিরে সেনাদের প্রাণহানির এই সংখ্যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ।
এদিকে, এসব ঘটনায় বহু বেসামরিক লোকের প্রাণ গেছে। যদিও এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানা যায়নি। গতকালও দুই বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত দুই মাসে এ ধরনের অভিযানে সেনাসদস্য, স্বাধীনতাকামী, বেসামরিক লোকজনসহ ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার পুঞ্চ জেলায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালানোর এক পর্যায়ে বিপক্ষের ব্যাপক গুলিবর্ষণের কবলে পড়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই দুই সেনা সদস্য।
একই এলাকায় অভিযানের সময় পাঁচ সেনা সদস্য নিহত হওয়ার চারদিন পর পুঞ্চ-রাজৌরির বনাঞ্চলে যোগাম্বর সিং এবং বিক্রম সিং নেগি নামে আরও দুই সেনার প্রাণহানি ঘটলো। চারদিন আগে জম্মু-কাশ্মিরের মেনধরের নার খাস বনাঞ্চলে সন্ত্রাসবিরোধী সামরিক অভিযান শুরু হয়। অভিযানে দুই পক্ষের গোলাগুলিতে সামরিক বাহিনীর একজন জেসিওসহ মোট পাঁচ সৈন্যের প্রাণহানি ঘটে।